শপথ নিয়েছেন সবে দুইদিন হলো। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছেন। আর রোজ চিঠি লিখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং সেই চিঠির বয়ান সংবাদমাধ্যমকে দিয়ে দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সারাদেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিনের দাবি তুলেছেন মমতা। তারপর চাষীদের জন্য কেন্দ্রের টাকা দাবি করেন। আর আজ পশ্চিমবঙ্গের জন্য অক্সিজেন চেয়ে মোদিকে চিঠি লিখলেন মমতা।

"তিন দিনে তিনটি চিঠি, বোঝা যাচ্ছে মমতা বোঝাতে চাইছেন পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে এবং তা উনি বরদাস্ত করবেন না"- বলেন এক সূত্র।

মমতা লিখেছেন, আগামী কয়েকদিনে এ রাজ্যে অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়বে। সে সময় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। তাতে যাবতীয় হিসেবনিকেশের কথাও উল্লেখ করেছেন তিনি। এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন ৪৭০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। আগামী ৭-৮ দিনের মধ্যে তার চাহিদা পৌঁছতে পারে ৫৫০ মেট্রিক টনে। তাই সেই বাড়তি অক্সিজেন সরবরাহ করতে হবে কেন্দ্রকেই। চিঠিতে এমনই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনার দ্বিতীয় ধাক্কায় এবার সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। কোভিড রোগীকে সুস্থ করে তোলার অন্যতম উপকরণ এটি। কিন্তু সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন প্রান্তেই অক্সিজেনের অভাব প্রকট। বাংলায় সেই সমস্যা বিশেষ ছিল না। পর্যাপ্ত অক্সিজেন তৈরি হয় রাজ্যের প্লান্টগুলিতেই। বরং উদ্বৃত্ত অক্সিজেন এতদিন অন্যান্য রাজ্যে রপ্তানিও করেছে বাংলা। তবে এবার আর তা হওয়ার উপায় নেই। প্রতিদিন এখানেও বাড়ছে অক্সিজেনের চাহিদা। যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে এ রাজ্যে যে পরিমাণ অক্সিজেন তৈরি হয়, তার চেয়ে বেশিই প্রয়োজন হবে বলে মুখ্যমন্ত্রীর ধারণা। তিনি নিজেও আগামী ১৫ দিনের জন্য সকলকে সতর্ক করে দিয়েছেন। তাঁর আশঙ্কা, এই সময়ে আরও বাড়বে করোনা সংক্রমণ। আর তাতেই চিকিৎসার জন্য মেডিক্যাল অক্সিজেনের চাহিদা আরও বৃদ্ধি পাবে।

এই অবস্থায় রাজ্যের প্লান্টগুলিতে এত পরিমাণ অক্সিজেন উৎপাদন সম্ভব নয়। তাই কেন্দ্রের কাছে অক্সিজেন চেয়েছে রাজ্য সরকার। এবং সেই বাড়তি অক্সিজেনটুকু থেকে যেন বাংলা বঞ্চিত না হয়, চিঠিতে প্রধানমন্ত্রীকে সেই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।